রাজনীতি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?
আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ইনকিলাব মঞ্চ-এর সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের প্রার্থী হতে পারেন-এমন ইঙ্গিত পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা একটি ফেসবুক পোস্টে এ ইঙ্গিত দেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন- “আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।” পোস্টটি প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন—বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন-নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা তীব্র হয়েছে।
এ অবস্থায় ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতার ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থিতার সম্ভাব্য ইঙ্গিতকে ঘিরে কৌতূহল বাড়ছে। তবে এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।