রাজনীতি
আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান—সব ধরনের আয়োজনই চলবে এবং মাজার সংস্কৃতিতে কোনো বাধা সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার এবং এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা আতাউর রহমান বাবুল।
বক্তব্যে রুমিন ফারহানা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর ও বাউল গানের আসরে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব ঘটনায় অনেক শিল্পী হেনস্তার শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, মাজার ভাঙার প্রতিটি ঘটনার প্রতিবাদ তিনি প্রকাশ্যে জানিয়েছেন। ঈদুল ফিতরের পরদিন সিলেটে বাউল গানের আসরে হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সব ধরনের ধর্মীয় ও লোকজ চর্চা সমানভাবে গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরার দায়িত্ব সবার। তার ভাষায়, বাউল গান ও মাজার সংস্কৃতি দেশের সামগ্রিক সংস্কৃতিরই অংশ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।