রাজনীতি

ঈদের পর বরিশালে প্রকাশ্যে আ.লীগের ঈদ উৎসব


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

ঈদের পর বরিশালে প্রকাশ্যে আ.লীগের ঈদ উৎসব
ছবিঃ সংগৃহিত

ঈদের পর এবার বরিশালে প্রকাশ্যে ঈদ উৎসব পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল মহানগর আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন। এর আগে রমজান মাসে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দেড় বছর পর বরিশালে রমজান মাসে একাধিক কর্মসূচি পালনের মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা। শুক্রবার তাদের ঈদ উৎসব পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরী জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। 

ভিডিওতে দেখা যায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী শতাধিক সাবেক ছাত্রলীগের নেতাকর্মী এ ঈদ উৎসবে যোগদান করে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেন। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, নগরীর ত্রিশ গোডাউন এলাকায় নদীর তীরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি দিয়ে ব্যানার টানিয়ে ভুরি ভোজের আয়োজন করা হয়। 

একাধিক সূত্র থেকে জানা গেছে, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক কয়েক নেতাকর্মী এ অনুষ্ঠানের আয়োজন করেন। তারা হলেন, দপ্তরখানা এলাকার নিলয় আহমেদ রাব্বি, ভাটারখালের সুমন, আলমগীর হোসেনের ছেলে রুবেলসহ কয়েকজন। 

এসব বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই, তবে খোঁজখবর নিয়ে দেখছি।