রাজনীতি

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

গণভোটের ফলাফল উপেক্ষা করা হলে সরকারবিরোধী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণের রায় অগ্রাহ্য করা হলে সরকারকে অবৈধ ঘোষণা করে রাজপথে কর্মসূচি দেওয়া হবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অতীতে গণভোট ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও বর্তমান প্রেক্ষাপটে তা জনগণের মতামতের প্রতিফলন হিসেবে বিবেচিত হওয়া উচিত। সেই রায় মানা না হলে দলটি কঠোর অবস্থান নেবে।

সংবাদ সম্মেলনে প্রশাসক নিয়োগ নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, এ বিষয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।

একই অনুষ্ঠানে দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, কিছু ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছেন এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের কারণে তারা বৈধতা পেয়েছেন। এছাড়া দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, সংবিধানের ব্যাখ্যা দেওয়া কমিশনের কাজ নয়, বরং আইন অনুযায়ী দায়িত্ব পালন করাই তাদের কর্তব্য।