রাজনীতি

‘আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি দাবি করেছিলেন হান্নান মাসউদ’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

‘আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি দাবি করেছিলেন হান্নান মাসউদ’
রাশেদ খাঁন ও হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ—এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

বুধবার (৩ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খাঁনের দাবি, গণঅভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে হান্নান মাসউদ সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং তার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়।

তিনি জানান, পল্টনের একটি হোটেলে নিয়মিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করতেন হান্নান মাসউদ। এক পর্যায়ে একজন সংসদ সদস্যকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে ৪ কোটি টাকার আলোচনা হয়। পরে হান্নান মাসউদ তার সহযোগী জিসানকে ৩ কোটিতে চুক্তি করতে বলেন বলেও দাবি করেন রাশেদ।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, আবদুল গাফফার জিসান নামে একজন ব্যক্তি এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। গণঅভ্যুত্থানের সময় ও পরবর্তী সময়ে জিসান হান্নান মাসউদের সঙ্গে ছিলেন এবং নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বও পালন করতেন। তবে পরবর্তীতে হান্নান মাসউদের আচরণ ও অর্থলোভ দেখে তিনি সরে দাঁড়ান বলে দাবি করা হয়।

এছাড়া রাশেদ খাঁন অভিযোগ করেন, নোয়াখালীর হাতিয়ার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করতেন হান্নান মাসউদ। তাকে সরাতে অন্তর্বর্তী সরকারের প্রভাব খাটিয়ে গ্রেপ্তারে ভূমিকা রাখার অভিযোগও তোলেন তিনি।

স্ট্যাটাসে আরও বলা হয়, বিভিন্ন আলোচনায় হান্নান মাসউদ নিজেকে নোয়াখালীর সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সে লক্ষ্যে অর্থবিত্ত অর্জনের কথাও বলেছেন।