রাজনীতি

আগে চড়তেন রিকশায়, জুলাই বিক্রি করে অনেকে এখন প্রাডোতে চড়েন: আখতারুজ্জামান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

আগে চড়তেন রিকশায়, জুলাই বিক্রি করে অনেকে এখন প্রাডোতে চড়েন: আখতারুজ্জামান
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ‘বিক্রি করে’ কারো কারো জীবনযাত্রা বদলে গেছে, অনেকে আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন— এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

আলোচনায় আখতারুজ্জামান বলেন, ‘আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন, অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন।কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি।’

তিনি বলেন, ‘জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি একটি অনুরোধ জানাব, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন।’ 

সংসদ সদস্য আখতারুজ্জামান আরও বলেন, ‘আমি অনুরোধ করব- উনারা আগে কিসে চড়তেন এখন কিসে চড়েন? কোন বাসায় থাকেন উনারা, মাঝে মধ্যে লাইভ করেন, লাইভ করলে এই জাতি দেখত, উনারা আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কী রকম হয়েছে?’