রাজনীতি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি নাজুক: রুমিন ফারহানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:২৮ এএম

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি নাজুক: রুমিন ফারহানা
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। তিনি সতর্ক করে বলেন, অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি সুখকর হবে না।

গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, নতুন অর্থবছরের বাজেট নিয়ে তিনি সংসদে বক্তব্য রেখেছেন। তার ভাষ্য, বাজেট কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক অবস্থার জন্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্বে আরও বেশি মনোযোগ দিলে দেশবাসী উপকৃত হতো।

তিনি আরও বলেন, কোনো অন্যায় চিরদিন আড়ালে থাকে না। একসময় সব কর্মকাণ্ডেরই জবাবদিহি করতে হয় এবং বর্তমানেও তার ব্যতিক্রম হবে না।