রাজনীতি

নিজ দলের নেতারাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চান না: কর্নেল অলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

নিজ দলের নেতারাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চান না: কর্নেল অলি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার নিজের দলের অনেক নেতাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। দলের ভেতরে থাকা দালালরাই তার জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ১১ দলীয় জোট এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অলি আহমদ বলেন, বিভেদ সৃষ্টির মতো কোনো পরিস্থিতি তৈরি না করতে তিনি গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আসছেন। তিনি মনে করেন, এমন পরিস্থিতি তৈরি হলে সরকারের পতন ত্বরান্বিত হতে পারে। মঙ্গলবার দেশের তিন স্থানে ঘটে যাওয়া হামলার ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, এসবই প্রমাণ করে দলের ভেতরের একটি অংশ তারেক রহমানের পতন চায়। ষড়যন্ত্রকারীরা চারপাশে রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত তাদের চিহ্নিত করার আহ্বান জানান। একই সঙ্গে এলডিপির পক্ষ থেকে সরকারের কোনো হুমকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির উদ্দেশে একাধিক প্রশ্ন তোলেন এলডিপি চেয়ারম্যান। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল এবং ২০০১ সালের মন্ত্রিসভায়ও জামায়াতের নেতারা ছিলেন। সে সময়কার সরকার বা বিএনপিকে রাজাকার বলা হবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ আন্দোলনের বিষয়টিও তুলে ধরেন। তবে তিনি স্পষ্ট করেন, নিজে কখনো জামায়াতে যোগ দেননি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের কথাও উল্লেখ করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে অলি আহমদ বলেন, সে সময় পুরো জাতি ঐক্যবদ্ধ থাকলেও পরবর্তীতে বিএনপি এই আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তিনি মনে করেন, জুলাইয়ের চেতনা ধারণ করে জাতির ঐক্য বজায় রাখা জরুরি। বিভাজনের রাজনীতির বিরোধিতা করে সুশাসন, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার ওপর জোর দেন তিনি।

দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এই প্রবীণ রাজনীতিক। গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি রাজধানীর সড়ক হকারদের দখলে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সরকার যদি নিজ দলের হকারদেরই নিয়ন্ত্রণ করতে না পারে, তবে দেশের বিপুল জনগোষ্ঠীকে কীভাবে সামলাবে তা বড় প্রশ্ন। জনগণের আস্থা অর্জনে ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করার আহ্বান জানান তিনি।