রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে 'ডিসেম্বরে' দেশে ফেরার চেষ্টা করবো: রয়টার্সকে সাকিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

শেখ হাসিনার সঙ্গে 'ডিসেম্বরে' দেশে ফেরার চেষ্টা করবো: রয়টার্সকে সাকিব
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে বাংলাদেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা হত্যা ও দুর্নীতিসহ মামলাগুলোর বিচার মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। তবে নিরাপদে দেশে ফেরার সুযোগ না হলে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে ফেরার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শুক্রবার (০৭ আগস্ট) সাকিব আল হাসান এসব কথা বলেন। বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি। সেখান থেকেই ফোনে রয়টার্সের সঙ্গে কথা বলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে হত্যা ও দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

দেশে ফেরার বিষয়ে সাকিব বলেন, সরকারের পক্ষ থেকে যদি তাঁকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে তিনি বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। তাঁর ভাষ্য, দেশে ফিরে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ায় অংশ নিতেও তিনি রাজি।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সাকিব বলেন, ‘আমি জানি, আমি কিছুই করিনি।’

সাকিব জানান, বর্তমানে তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা। অন্যটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির অভিযোগসংক্রান্ত মামলা।

হত্যা মামলাটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করে সাকিব বলেন, মামলাটি দায়েরের সময় তিনি টরন্টোতে একটি ক্রিকেট ম্যাচ খেলছিলেন। একই সঙ্গে এখনো ওই মামলায় কোনো আইনজীবী নিয়োগ করেননি বলেও জানান তিনি।

ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা

বাংলাদেশে ফেরার বিষয়ে সাকিব বলেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘নেত্রী যা বলেন, আমরা তা অনুসরণ করি। আমি মনে করি, তারা বিষয়টি ভালোভাবে সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাঁদের দেওয়া নির্দেশনা অনুসরণ করব।’

সম্প্রতি ভারতের দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সাকিব। তিনি বলেন, সেখানে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির আহ্বান জানিয়েছেন এবং এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।

আগেও দেশে ফেরার চেষ্টা করেছিলেন সাকিব

সাকিব জানান, দেশে ফেরার জন্য এর আগেও একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে একবার বাংলাদেশে ফেরার বিমানে উঠেছিলেন। বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার বিষয়টিও নিশ্চিত করেছিলেন তিনি। তবে পরে মাঝপথে তাঁকে ফিরে যেতে বলা হয়। এরপর দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর দেশে ফেরার তাঁর আরেকটি উদ্যোগও ভেস্তে যায়। সাকিব বলেন, দেশে ঢুকতে বাধা দেওয়ার কারণ হিসেবে ওই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কথা তাঁকে জানানো হয়েছিল। তবে এ সিদ্ধান্তের যৌক্তিকতা তিনি বুঝতে পারেননি।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে—এমন পরামর্শও তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানান। সাকিব স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় তিনি বিবেচনা করছেন না।

ক্রিকেট থেকেও অবসরের ইঙ্গিত

এদিকে ক্রিকেট থেকে অবসরের বিষয়েও খুব বেশি সময় অপেক্ষা করতে চান না বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী সাকিব আল হাসান। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

সাকিব বলেন, তিনি ভালো আছেন, এখনো ক্রিকেট উপভোগ করছেন এবং ভালো খেলছেন। তবে বয়স এখন তাঁর বিপক্ষে যাচ্ছে। তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি সময় হাতে নেই বলেও ইঙ্গিত দেন তিনি।

দেড় বছর ধরে ব্যাংক হিসাব জব্দ

সাক্ষাৎকারে নিজের আর্থিক ও পারিবারিক পরিস্থিতির কথাও তুলে ধরেন সাকিব। তিনি জানান, প্রায় দেড় বছর ধরে তদন্তের কারণে তাঁর ব্যাংক হিসাবগুলো জব্দ রয়েছে।

এ ছাড়া গত দুই বছরে বাংলাদেশে থাকা বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে পারেননি বলে জানান তিনি। দীর্ঘদিন পরিবারের কাছ থেকে দূরে থাকা এবং চলমান আইনি ও আর্থিক পরিস্থিতি তাঁর পরিবারের জন্য কঠিন হলেও সবাই তা সামলে নিচ্ছেন বলে মন্তব্য করেন সাকিব।