রাজনীতি

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেওয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

এর আগে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, গত দুই যুগ ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অনুপযুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, আবার কেউ চরম অনৈতিক।

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, ‘বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলটির নেতৃত্ব দিয়েছেন। এ সময় তিনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন।

মির্জা ফখরুলের ব্যক্তিত্বের প্রশংসা করে আসিফ নজরুল বলেন, রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।

এদিকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান।

পোস্টের শেষাংশে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সবচেয়ে যোগ্য ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বহু বছর পর বাংলাদেশ রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে পেতে যাচ্ছে।