রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ঘিরে আইজিপির সঙ্গে বৈঠকে বসছে ১১ দল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ঘিরে আইজিপির সঙ্গে বৈঠকে বসছে ১১ দল
ছবি: সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জোটের নেতারা।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় ১১ দলীয় জোটের নেতারা পুলিশ সদর দপ্তরে গিয়ে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন। বৈঠক শেষে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন জোটের নেতারা। বিষয়টি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার এবং বৈষম্যবিরোধী রাজনৈতিক দাবিগুলো সামনে রেখে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে।

গত ১৭ আগস্ট লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে লং মার্চ ঘিরে সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জোট নেতাদের ভাষ্য, বড় রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় থাকলে তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সহজ হয়। এ কারণে লং মার্চের আগে পুলিশের শীর্ষ পর্যায়কে কর্মসূচি সম্পর্কে অবহিত করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

জোটের নেতারা বলছেন, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু রাজনৈতিক সমাবেশ করা নয়; বরং গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক চাপ তৈরি করা। ফলে ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে চলমান রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তারা।

লং মার্চ সফল করতে বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন জোটের নেতারা। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে লং মার্চের পথে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে লং মার্চের নিরাপত্তা, যান চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে সরাসরি আলোচনা করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য। এ জন্য সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করবেন জোটের নেতারা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে লং মার্চের রুট, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, যান চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা চাওয়া হবে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করা হবে। বৈঠক শেষে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।