রাজনীতি
বিএনপির সঙ্গে জোট নয়, এককভাবে নির্বাচন করবে এলডিপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জোট না করে আসন্ন সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেছেন, বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে।
বুধবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. কর্নেল অলি বলেন, ‘আমরা বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিলাম। কিন্তু তারা সেটিকে গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেননি।’
তিনি আরও বলেন, ‘এলডিপিকে বাঁচাতে হলেও বিএনপি অন্তত আমাদের শর্টলিস্টটি বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি, শর্টলিস্টের সবাইকে মনোনয়ন দিতে হবে। কিন্তু কোনো গুরুত্বই দেওয়া হয়নি।’
এই পরিস্থিতিতে এলডিপি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।