প্রবাস

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সশস্ত্র হামলায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম (বারা শামীম)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারে তার স্ত্রী ও চার ছেলে রয়েছে।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা যায়, বিকেলে ফোর্ডসবার্গ এলাকা থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছানোর পরপরই হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগে থেকে ওঁৎ পেতে থাকা এক ব্যক্তি তার মাথায় পিস্তল ঠেকিয়ে একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, শামীম বাজার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবু নাসের শামীম ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান। পরবর্তীতে চার বছর আগে দেশে ফিরে পুনরায় সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সম্প্রতি একটি বড় দোকান বিক্রি নিয়ে ব্যবসায়িক বিরোধ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তার বড় ছেলে আবু রাফসান পিয়াস। তবে হত্যাকাণ্ডের পেছনে এই বিরোধই কারণ কি না, তা নিশ্চিত নন তারা।

পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।