প্রবাস

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:১৮ এএম

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। নিহত শিক্ষার্থীরা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট-কে চিঠি পাঠানো হয়েছে এবং একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহতদের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় সময় ৬ মে দুপুর ২টায় টাম্পা শহরে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৭ মে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছাবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল তারা দুজন নিখোঁজ হন। দীর্ঘ সময় যোগাযোগ না পেয়ে পরিবার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। পরে তদন্তে নেমে পুলিশ লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ-কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ব্যাগের ভেতরে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।