ধর্ম
ডেঙ্গুতে না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী (ভিডিও)
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার শিক্ষক ও মারকাযুত তাহফিজ আন্তর্জাতিক কোরআন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফেজ ত্বকী ছিলেন বাংলাদেশের এক গর্বিত সন্তান। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন।
২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬২টি দেশের অংশগ্রহণের মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে কুয়েত ও বাহরাইনেও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন।
ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং সেখান থেকেই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এনটিভিতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’-তেও অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে মুগদা হাসপাতালে ভর্তি করা হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টায়ও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্ম নেওয়া ত্বকী ছিলেন মাওলানা বদিউল আলমের পুত্র। তার বাবা একজন মাদরাসা শিক্ষক।
অল্প বয়সেই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে কোরআনের আলো ছড়ানো এই তরুণ হাফেজের মৃত্যুতে পরিবার, শিক্ষক, সহপাঠী ও ধর্মপ্রাণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।