ধর্ম
হজে গিয়ে ৪৬ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ২৯ হাজার হাজি
পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৭১টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। একই সময়ে হজ পালন করতে গিয়ে ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ জুন) পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন এবং মদিনায় ১১ জন ইন্তেকাল করেছেন।
হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম বর্তমানে পুরোদমে চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৩৬৬ জন রয়েছেন।
ফিরতি যাত্রী পরিবহনে বিভিন্ন এয়ারলাইনস কাজ করছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনস ১১ হাজার ৩৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৬৮২ জন হজযাত্রী সৌদি আরব ত্যাগ করেছেন।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে।