সারাদেশ
‘মাদকাসক্ত’ একমাত্র ছেলেকে হত্যার পর থানায় বাবা-মায়ের আত্মসমর্পণ
বরিশালের বাকেরগঞ্জে নৃশংস এক পারিবারিক ট্র্যাজেডি ঘটেছে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এক দম্পতি নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করেন। এরপর তারা নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন—‘আমরাই আমাদের ছেলেকে মেরে ফেলেছি।’
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হাসান গাজী (২০) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাবা-মা হলেন- জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮)।
পুলিশ জানায়, হাসান দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল। প্রতিদিন টাকার জন্য বাবা-মাকে চাপ দিত, গালিগালাজ করত, এমনকি ভাঙচুর করত বাড়ির জিনিসপত্র। মঙ্গলবার দুপুরে মাদক কেনার টাকা না পেয়ে সে ঘরের আসবাবপত্র ভাঙতে শুরু করে। বাধা দিলে মা-বাবার সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে বাবা-মা মিলে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তাকে। মাথা ও ঘাড়ে আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় হাসান।
ঘটনার পর হতবিহ্বল দম্পতি নিজ উদ্যোগে থানায় হাজির হয়ে বলেন, ‘আমরা আমাদের সন্তানকে মেরে ফেলেছি, আমাদের গ্রেফতার করুন।’ পুলিশ তাদের আটক করে এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে হাসান গাজীর মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘আত্মসমর্পণের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং আমরা যথাযথ আইনগত পদক্ষেপ নিচ্ছি।’