সারাদেশ

নিজ দলের লোকের কাছেই চাঁদা দাবি, বিএনপির ২ নেতাকে গণপিটুনি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

নিজ দলের লোকের কাছেই চাঁদা দাবি, বিএনপির ২ নেতাকে গণপিটুনি
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে বালু ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে কয়েক দিন ধরে উভয়ের মধ্যে আলোচনা চলছিল।

পরে সোমবার রাতে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে রেইনট্রিতলা এলাকায় আসতে বলেন। নির্ধারিত সময়ে তিনি তার সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে সেখানে গেলে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত জনতা এ সময় জাকির মোল্লা ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা দাবি করেন, তিনি কোনো চাঁদা দাবি করেননি; বরং বালু ব্যবসায় অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছিলেন এবং বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, দল কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। দলের নাম ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।