সারাদেশ
বরিশালে বালুভর্তি বস্তায় রহস্যজনক বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
স্বজনদের দাবি, ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন তিনজন। প্রাণ বাঁচাতে তারা ঘরের সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, বালুর বস্তার ভেতরে বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বস্তুটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই বলে জানান তিনি।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে বিস্ফোরিত বস্তুটি বোমা ছিল। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।