সারাদেশ
পিরোজপুরে ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটার মো. জসিম উদ্দিন এবং মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। সাজা দেওয়ার পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সম্পূর্ণ সোচ্চার রয়েছে এবং এ বিষয়ে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়ের হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।