সারাদেশ
চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া
চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যকার যৌথ সামরিক মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’। সামরিক সহযোগিতা ও পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মহড়া চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, আর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান। এতে বাংলাদেশের পক্ষ থেকে ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৯২ জন সামরিক সদস্য অংশ নিচ্ছেন।
চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটিতে মহড়া চলাকালে অপারেশনের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
বিমান বাহিনী সূত্র জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে উভয় দেশের মধ্যে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা জোরদার হবে। একই সঙ্গে উভয় বাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।