সারাদেশ
টেকনাফের পাহাড়ে আটক ৩৮ নারী-শিশু উদ্ধার, দুই মানবপাচারকারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে পাচারের উদ্দেশ্যে পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা নারী ও শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী-শিশুসহ বেশ কয়েকজনকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ে বন্দী করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়।
অভিযানে পাচারকারীদের আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ এবং ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি এ সময় মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের পাহাড়ে আটকে রেখে অমানবিক নির্যাতন চালাচ্ছিল। উদ্ধারকৃত নারী-শিশু ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।