সারাদেশ

যোগদানের ২৫ দিনের মাথায় চট্রগ্রামের ডিসি সাইফুল ইসলামকে বদলি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

যোগদানের ২৫ দিনের মাথায় চট্রগ্রামের ডিসি সাইফুল ইসলামকে বদলি
সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

মাত্র ২৫ দিন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করার পর বদলি হয়েছেন সাইফুল ইসলাম। গত ১৯ অক্টোবর চট্টগ্রামে যোগদানের পর আজ (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে, ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন।

jono_prosason2_Dhakaprokash.jpg

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম তার সরকারি চাকরি জীবন শুরু করেন ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে বরিশাল বিভাগে। এরপর পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, সুনামগঞ্জের দোয়ারাবাজার ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনমিক অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের আগে তিনি ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।