সারাদেশ
বিএনপির মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন রুমিন ফারহানা
দলের মনোনয়ন না পেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন জানান, রুমিন ফারহানার নির্দেশে কয়েকজন নেতাকর্মীকে ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আজ আমরা মনোনয়ন ফরম নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই নেবেন।”
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত ছয়জন সম্ভাব্য প্রার্থী ছিলেন। তবে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেয়। এই আসনে বিএনপির সমর্থনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, একটি বড় দল হিসেবে বিএনপিকে জোটের বাস্তবতা বিবেচনায় নিতে হয়। তিনি বলেন, “জমিয়তের সঙ্গে জোট হয়েছে বলেই আসন দিতে হয়েছে, না হলে জোট টিকত না।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “দল যদি ব্যবস্থা নিতে চায়, নিশ্চয়ই নেবে। আমি তো সেটি ঠেকাতে পারব না।”
মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।