সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৩৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৩৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক দুটি অভিযানে চোরাই পথে আনা ৩৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ মার্চ) দুপুরে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা যায়নি।

অন্যদিকে একই দিনে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সেখানে একটি বাড়ির পাশ থেকে লুকানো অবস্থায় আরও ২২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।