সারাদেশ

ইউটিউব দেখে ধানক্ষেতে গাঁজা চাষে সফল কৃষক, অতঃপর গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

ইউটিউব দেখে ধানক্ষেতে গাঁজা চাষে সফল কৃষক, অতঃপর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানক্ষেতে গোপনে গাঁজা চাষের অভিযোগে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার জমি থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইউটিউব দেখে গাঁজা চাষের কৌশল শিখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিল্লাল মিজি (৩৫) নামে এক ব্যক্তির ধানক্ষেতের আইল থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মুকলুছুর রহমান মিজির ছেলে।

পুলিশ জানায়, বাংলা মাঘ মাসে ধান রোপণের সময় পরীক্ষামূলকভাবে ধানক্ষেতের আইলে গাঁজার বীজ বপন করেন বিল্লাল মিজি। পরে গাছগুলো বড় হলে তিনি গোপনে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন।

এ বিষয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।”