সারাদেশ

ট্রেন আসার সময় রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, বাঁচাতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

ট্রেন আসার সময় রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, বাঁচাতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক বৃদ্ধকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন তোফায়েল আহমেদ নামে এক যুবক। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তোফায়েল আহমেদ উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও অনেক মানুষ কসবা রেলওয়ে স্টেশনে ঘুরতে এসেছিলেন। বন্ধুদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন তোফায়েলও।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে এক বৃদ্ধ যাত্রী ট্রেন থেকে নেমে মাঝের রেললাইনে দাঁড়িয়ে পড়েন। ঠিক তখনই একই লাইন দিয়ে দ্রুতগতিতে চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস এগিয়ে আসছিল। ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে বৃদ্ধ রেললাইনেই দাঁড়িয়ে ছিলেন।

বিষয়টি দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে রেললাইনে নেমে পড়েন তোফায়েল। তিনি বৃদ্ধকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে সক্ষম হলেও নিজে আর সরে যাওয়ার সুযোগ পাননি। দ্রুতগতির সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, এক বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদের মৃত্যু হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।