সারাদেশ
ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: খুলশী থানার ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ। তিনি জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবির।
এর আগে শুক্রবার বাসায় ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে খুলশী থানা-পুলিশের একটি দল অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতেই তাদের থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এদিকে এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।