সারাদেশ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:২৪ এএম

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একই পরিবারের আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। গুরুতর আহত হয়েছে পরিবারের পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া।

প্রতিবেশীদের ভাষ্য, রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে তারা ঘরের সামনে এনি বড়ুয়া ও পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার মরদেহ।

স্থানীয়রা দ্রুত আহতদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই এনি ও প্রিয়ন্তীর মৃত্যু হয়। পরে আহত পিয়াসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন নিরাপত্তাকর্মী এবং তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় দায়িত্বে ছিলেন।

সুজন বড়ুয়ার দাবি, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। ওই লেনদেন সংক্রান্ত কাগজপত্রের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি বলেন, রাতে পরিবারের সদস্যদের ফোন পেয়ে বাড়িতে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। তার আরও দাবি, মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারী হিসেবে লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম উল্লেখ করেছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।