সারাদেশ
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ, ভিডিও ভাইরালের পর তদন্তে পুলিশ
নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) ভোররাতে জেলা শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে দিনভর বিষয়টি নজরে না আসায় তাৎক্ষণিকভাবে কেউ অবগত হয়নি।
পরে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ স্মৃতিস্তম্ভ ও আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ভিডিওতে উপস্থিত একজনকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তারা ঘটনাস্থলে অগ্নিসংযোগের পর সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আগুন দেওয়ার বিষয়ে আগে কোনো তথ্য তাদের কাছে ছিল না। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি জানতে পারে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ কালো হয়ে গেছে।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও সিসিটিভি পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।