সারাদেশ
বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৫ জনের
টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। এছাড়া পৃথক আরেকটি পাহাড়ধসের ঘটনায় প্রাণ হারান মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। পাহাড়ধসে ঘরের দেয়াল ও মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পাহাড়ধসের পর স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনো সেখানে যেতে অনাগ্রহী। এছাড়া টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ ও মুঠোফোন যোগাযোগও বিঘ্নিত হচ্ছে।