সারাদেশ
চট্টগ্রামে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে মোহাম্মদ আশিক ও মোহাম্মদ মিরাজ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। এরই মধ্যে শুক্রবার বেলা ১২টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে বাড়ির উঠানে থাকা অবস্থায় দুই শিশু ভেসে যায়।
পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।