সারাদেশ

চট্টগ্রামে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, পড়ে গেলেন অর্থমন্ত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম

চট্টগ্রামে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, পড়ে গেলেন অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নেতাকর্মীদের অতিরিক্ত চাপের কারণে মঞ্চ ধসে পড়ে এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত সবাই নিচে পড়ে যান।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মঞ্চে ওঠার সময় এই ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আরও কয়েকজন সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে ছিলেন। তবে ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

ঘটনার পর মন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান। পরে ত্রাণ বিতরণের সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, মন্ত্রী মঞ্চে ওঠার সময় অতিরিক্ত চাপের কারণে মঞ্চটি ধসে পড়ে। এতে উপস্থিত সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। তবে পরে ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি তিনি জানেন না বলে উল্লেখ করেন।

এর আগে সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং পুনর্বাসন কার্যক্রমও ধাপে ধাপে শুরু হবে।

মন্ত্রী বলেন, জেলায় প্রায় ৭ লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন। ইতোমধ্যে ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে এবং ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। ভবিষ্যতে রোগব্যাধি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

পরে পতেঙ্গার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ শেষে তিনি চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে রওনা হন।