সারাদেশ
অজ্ঞান পার্টির কবলে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না পরীক্ষা
চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। সোমবার (২৭ জুলাই) সকালে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাজিয়াত শওকত তারিম (২০) নগরীর বহদ্দারহাট আল আমিন হাউজিং সোসাইটির বাসিন্দা। তিনি জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশে শুলকবহর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন।
তার পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শহীদ ওয়াসিম ফ্লাইওভারে ওঠার পর মুরাদপুর এলাকায় দুই ব্যক্তি ইশারা দিয়ে অটোরিকশাটি থামান। নিজেদের ব্যাংকের চাকরিজীবী পরিচয় দিয়ে তারা গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর তারা নাজিয়াতের নাক-মুখে রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।
এরপর ওই দুই ব্যক্তি তার ফাইল থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা নিয়ে নেয়। পরে তাকে অচেতন অবস্থায় কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে জ্ঞান ফিরে নাজিয়াত কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্সে গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে তার বড় ভাই তাহমীম শওকত তাহিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনায় সোমবার অনুষ্ঠিত জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি নাজিয়াত, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে জানিয়েছে পরিবার।
ভুক্তভোগীর বড় ভাই তাহমীম শওকত তাহিম জানান, থানায় অভিযোগ করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যাওয়ায় তার পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে।