সারাদেশ
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, আরও একজন নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন দুই পর্যটক। তাদের মধ্যে ইয়াসিন খান নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ইব্রাহিম খান নামে অপর পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের ‘জল তরঙ্গ’ পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও নিখোঁজ দুজনই ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা এবং একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে তারা সম্প্রতি কক্সবাজারে যান।
বীচকর্মী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে তারা সমুদ্রে গোসল করতে নামলে হঠাৎ তীব্র স্রোতের টানে দুজনই ভেসে যান। বিষয়টি দেখতে পেয়ে লাইফগার্ড কর্মীরা দ্রুত সাগরে নেমে ইয়াসিন খানকে উদ্ধার করেন।
পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে স্রোতে ভেসে যাওয়া ইব্রাহিম খানের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকেই তাকে উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান ও খোঁজখবর চালানো হচ্ছে।