সারাদেশ

নারায়ণগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, শিশুদের গলায় ছুরি ধরে ৭৫ ভরি স্বর্ণ লুট


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৭:৩১ পিএম

নারায়ণগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, শিশুদের গলায় ছুরি ধরে ৭৫ ভরি স্বর্ণ লুট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটেছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাত গভীর হলে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল রান্নাঘরের গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢোকে। এরপর ঘুমন্ত নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে একে একে ঘরের সবকিছু লুট করে নেয়। এমনকি শিশুদের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে আলমারির চাবি আদায় করে নেয় ডাকাতরা।

বাড়ির কর্তা কামরুল ইসলামসহ চার ছেলে সৌদি প্রবাসী। তারা কেউই দেশে ছিলেন না। ঘরে ছিল তাদের স্ত্রী ও আট শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা। সেই সুযোগেই পুরো পরিবারকে কক্ষে আটকে রেখে ডাকাতরা তিনটি ঘরের আসবাবপত্র তছনছ করে।

ডাকাতরা ঘর থেকে নিয়ে যায় ৭৫ ভরি স্বর্ণালঙ্কার, জমি কেনার জন্য রাখা ২২ লাখ টাকা এবং একটি দামি আইফোন। এ সময় বাড়ির নারীরা কান্নাকাটি করলেও ছুরি দেখিয়ে সবাইকে ভয় দেখায় তারা।

ডাকাতির ঘটনার পর সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম এবং সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খান। বিকেলে প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।