সারাদেশ

আওয়ামী লীগ নেতা জাহিদের দেশের বাড়িতে ডিম নিক্ষেপ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

আওয়ামী লীগ নেতা জাহিদের দেশের বাড়িতে ডিম নিক্ষেপ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার জেরে এবার পাল্টা প্রতিক্রিয়ায় দেশের মাটিতে ঘটলো একই ধরনের ঘটনা। অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের শরীয়তপুরের নড়িয়ার বাড়িতে ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এনসিপি ও ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জাহিদ হাসানের দেশের বাড়ির ফটক ও দেয়ালে ডিম ছোড়ার এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর জেএফকে বিমানবন্দরের বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে ডিম ছোড়ে আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা।

ঘটনায় জাহিদ হাসানকে দায়ী করে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে তার বাড়িতে গিয়ে ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফরসঙ্গীদের ওপর পরিকল্পিতভাবে ডিম নিক্ষেপ করেছে জাহিদ হাসান ও তার লোকজন। এর প্রতিবাদে আমরা তার দেশের বাড়িতে প্রতীকী প্রতিবাদ জানিয়েছি।”

তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার। তিনি বলেন, “কাদের দ্বারা ডিম ছোড়া হয়েছে তা নিশ্চিত নয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে বাড়িতে হামলার কোনো পরিকল্পনা নেই। আমরা রাজপথেই প্রতিবাদ করবো।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।