সারাদেশ

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে মতিউর রহমান (৫০) এবং সোহেল রানা (৪০)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা সুরভী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় বলে জানান মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে।