সারাদেশ

নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে আ. লীগ কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে আ. লীগ কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

প্রায় দেড় বছর পর নারায়ণগঞ্জ-এ জেলা ও মহানগর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) কার্যালয়ে প্রবেশ করেছেন সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’-এমন স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি কার্যালয়ের সামনে ব্যানার টানানো হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ থেকে সাতজন নেতাকর্মী দ্রুত সেখানে এসে মাত্র এক মিনিটের মধ্যে ব্যানার টানিয়ে স্লোগান দেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সময় সেখানে আগে থেকেই কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। তাদের সামনে যুবলীগের কয়েকজন নেতাকর্মী স্লোগান দিয়ে দ্রুত সরে যান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদিম আহমেদ ও সায়মন মির্জা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন যুবলীগ কর্মী তড়িঘড়ি করে কার্যালয়ের গেটে ব্যানার লাগিয়ে দেন। এরপর এক মিনিটেরও কম সময় স্লোগান দিয়ে তারা দ্রুত সটকে পড়েন। ব্যানারটি কার্যালয়ের সামনের গেটেই ঝুলিয়ে রেখে যান তারা।

এ বিষয়ে বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এ নিয়ে আমাদের কোনো দলীয় কর্মসূচি বা সিদ্ধান্ত নেই। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। যেহেতু তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এ বিষয়ে প্রশাসনই ব্যবস্থা নেবে। আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলতেই এসব তৎপরতা চালানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জোর দাবি জানাই।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আমরা বিষয়টি অবগত রয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর থেকেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশও ছাড়েন। প্রায় দেড় বছর পর বুধবার প্রথমবারের মতো সংগঠনটির কয়েকজন নেতাকর্মী প্রকাশ্যে কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।