সারাদেশ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, একাধিক বাহিনী মোতায়েন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, একাধিক বাহিনী মোতায়েন
ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ একাধিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ এবং পাঁচ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করছে। সার্বক্ষণিক টহল ও নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লঞ্চঘাট এলাকায় একটি সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ পাশের সড়কে প্রতিবন্ধক বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া পোস্ট অফিস মোড়, এলজিইডি মোড় এবং এসএম মডেল স্কুল মোড়েও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।