সারাদেশ

বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু
ছবি: সংগৃহীত

বন্ধুর চিকিৎসার জন্য ভারতে গিয়ে শেষ পর্যন্ত দুই বন্ধুরই মৃত্যু হয়েছে। গাজীপুরের কাপাসিয়ার হাবিবুর রহমান অসুস্থ বন্ধু কালীগঞ্জের বিল্লাল মাঝিকে সঙ্গে নিয়ে ভারতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে বিল্লাল মাঝির আকস্মিক মৃত্যু হয়। বন্ধুর এমন মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ার পর পরদিন মারা যান হাবিবুর রহমানও।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ দিন আগে হাবিবুর রহমানের চিকিৎসায় সহযোগিতা করতে বিল্লাল মাঝি ভারতে যান। কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে হাবিবুরের চিকিৎসা শেষে গত ৯ আগস্ট তারা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। পথে হঠাৎ বিল্লাল মাঝির বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধুর আকস্মিক মৃত্যুতে হাবিবুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েন। এর পরদিন তিনিও মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বর্তমানে দুই বন্ধুর মরদেহ কলকাতার একটি বিশেষায়িত হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত বিল্লাল মাঝির বয়স ৫০ বছর। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে। অন্যদিকে হাবিবুর রহমানের বয়স ৫৭ বছর। তিনি একই জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে।

দুই বন্ধুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মরদেহ দ্রুত দেশে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চেয়েছেন দুই পরিবারের সদস্যরা।

বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার বলেন, দুই বন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে। তারা দ্রুত মরদেহ দেশে এনে দেশের মাটিতে দাফন করতে চান। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম জানান, দুই বন্ধুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।