সারাদেশ
টাঙ্গাইলে দুই শতাধিক হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
টাঙ্গাইলে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, দুস্থ ও হতদরিদ্র দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম।
সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর পূর্বপাড়ায় এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসাশিবিরে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলের সভাপতিত্বে চিকিৎসক রাশেদুল হাসান, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ শারমিন শিমু, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আসাদ হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ তারেকসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সমাজের অবহেলিত, দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ চিকিৎসাশিবিরে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।