সারাদেশ

লালমনিরহাটে সিগন্যাল বিভ্রাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি (ভিডিও)


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম

লালমনিরহাটে সিগন্যাল বিভ্রাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি (ভিডিও)
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের উত্তরের বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল, সেই সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। সিগন্যাল বিভ্রাটের কারণেই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে।

সংঘর্ষের ফলে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।