সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে চালানো বিশেষ অভিযানে প্রায় চার লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী তৎপরতা জোরদার করতেই এই অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, মঙ্গলবার বিজিবির সদস্যরা ব্যাটালিয়নের আওতাধীন দর্শনা, সুলতানপুর ও শৈলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ৪৪ বোতল ভারতীয় মদ, ৩ বোতল ফেনসিডিল, ৪৫টি ভায়াগ্রা ও ইয়াবা ট্যাবলেট, ভারতীয় শাড়ি, মেডিকেল যন্ত্রাংশ, অবৈধ কারেন্ট জাল ও বিভিন্ন ধরনের প্রসাধনী। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য চোরাচালান পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।