সারাদেশ
পূজার ছুটি বাতিল করেও ব্যবসায়ীদের অনুপস্থিতি, বেনাপোলে কার্যক্রম সীমিত
দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকলেও বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সরেজমিনে আজ সকালে বেনাপোল কাস্টমস ও বন্দরে দেখা গেছে, কর্মকর্তাদের ছুটি বাতিল হওয়ায় তারা অফিসে উপস্থিত থেকে কাজ করছেন। তবে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল নগণ্য। ব্যবসায়ীরা উপস্থিত না থাকায় রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ অবস্থায় রয়েছে।
কাস্টমস সূত্রে জানা যায়, মূলত ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণেই কার্যক্রম সীমিত রয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “হঠাৎ করে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে ছুটির দিনেও কার্যক্রম চালু থাকবে। যদি অন্তত দুই-এক দিন আগে জানানো হতো, তাহলে ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে অফিসে থাকতে পারতো এবং সরকারের রাজস্ব আদায়ও হতো। কিন্তু পূজার ছুটির কারণে আমাদের স্টাফরাও আগে থেকেই ছুটি নিয়ে চলে গেছেন। এখন কাজ করবে কে?”
কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকলেও ব্যবসায়ীদের অভাবের কারণে কার্যক্রম প্রায় অকার্যকর অবস্থায় রয়েছে বলে জানা গেছে।