সারাদেশ
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মুজিবনগর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি এর নিকট সীমান্তের শূন্য লাইনের বাংলাদেশ অংশে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬১ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত এ বৈঠক চলে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়ডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৬১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সুভাস চন্দ্র গাগুয়ার ও স্টাফ অফিসারসহ ১৩ জন অংশগ্রহণ করেন।
পতাকা বৈঠকের শুরুতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ একে অপরকে স্বাগত জানান এবং কুশলাদী বিনিময় করেন। পরবর্তীতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশী নাগরিক পুশইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করেন। পতাকা বৈঠক চলাকালে ১৬১ বিএসএফ কমান্ড্যান্ট কর্তৃক পূর্বে অনুমোদনকৃত সীমান্ত পিলার ৮৭ হতে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতার বিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপন কাজ শুরু করার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রতিউত্তরে ৬ বিজিবি এর অধিনায়ক বলেন, প্রস্তাবিত কাঁটাতারের বেড়া এলাকাটি পূর্বে অনুমোদন করা থাকলেও বর্তমানে ভৌগলিক প্রেক্ষাপট বিবেচনায় নুতন করে যৌথ পরিদর্শন (JRD) করা প্রয়োজন।
বিজিবি অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন করে প্রস্তাবনা প্রেরণের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়াও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশরোধে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার বিষয়ে উভয়ই কমান্ডারগন একমত পোষণ করেন। পতাকা বৈঠক শেষে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ নিকটবর্তী সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়।