সারাদেশ
বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা ও সহযোগী আটক
বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে একজন রাজস্ব কর্মকর্তা ও তার ঘনিষ্ঠ এক সহযোগীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে উদ্ধার করা হয়েছে দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুষের অর্থ।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রথমে এনজিও সদস্য হাসিব হোসেনকে আটক করে দুদক। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধার করা টাকা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের জন্যই তিনি সংগ্রহ করছিলেন।
এরপর মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে শামীমা আক্তারকে হেফাজতে নেয়া হয়।
দুদকের এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীমা আক্তার স্বীকার করেছেন, হাসিব তার ঘনিষ্ঠ এবং ঘুষের টাকাটি তার পক্ষেই নেওয়া হচ্ছিল।
দুদকের উপপরিচালক সালাহউদ্দীন বলেন, ‘শুধু টাকা উদ্ধারেই থেমে থাকছি না, কারা এই ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বেনাপোল কাস্টমস ঘুষমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।’
আটক দুই জনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। দুদকের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।