সারাদেশ
বেনাপোলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন
যশোরের বেনাপোলে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ ও আমানত সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে বেনাপোলস্থ ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বেনাপোল।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বেনাপোল থানা আমির রেজাউল ইসলাম এবং সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ আলী।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং তার নেতৃত্বে ব্যাংকের গ্রাহকদের আমানত নিরাপদ থাকবে না। তারা অবিলম্বে তাকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বানও জানানো হয়।
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা ইলিয়াস, মাওলানা আব্দুল হামিদ, মো. ইয়ানুর রহমান, মো. মনিরুজ্জামান, মো. মতিউর রহমান, মোহাম্মদ দুলাল হোসেন, মাওলানা মোল্লা আনোয়ারসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।