সারাদেশ

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, ফিরতে হলো খালি হাতে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৩০ পিএম

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, ফিরতে হলো খালি হাতে
ছবি: সংগৃহীত

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যেতে হলো এক যুবককে। ভালোবাসার মানুষকে বিয়ে করার উদ্দেশ্যে এলেও মেয়ের অপ্রাপ্তবয়স্কতা ও পারিবারিক অসম্মতির কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে প্রিয়জনের জন্য দেড় বছর অপেক্ষা করার কথা জানিয়েছেন তিনি।

ঘটনাটি বুধবার (১০ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা এলাকায় ঘটে। চীনা ওই যুবকের নাম এম এ হাইশান (৩৯) এবং স্থানীয় তরুণীর নাম রিয়া আক্তার (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে রূপ নেয়। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে হাইশান চীন থেকে বাংলাদেশে আসেন।

বুধবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তরুণী ও তার পরিবারের সদস্যরা তাকে কুমারখালীর বাড়িতে নিয়ে যান। তবে মেয়ের বয়স কম হওয়ায় এবং পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় বিয়ে আর সম্ভব হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ত্যাগ করেন।

তরুণী রিয়া আক্তার জানান, অনলাইন থেকেই তাদের সম্পর্কের সূচনা। তিনি বর্তমানে এসএসসি পরীক্ষার্থী এবং বয়স কম থাকায় পরিবার বিয়েতে রাজি হয়নি। বয়স পূর্ণ হলে অপেক্ষা করার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

তরুণীর মা বলেন, মেয়ের বয়স বিবেচনায় তারা বিয়ের সিদ্ধান্ত নেননি এবং বিষয়টি শুরু থেকেই পরিবারকে জানানো ছিল।

চীনা যুবক এম এ হাইশান অনুবাদকের মাধ্যমে জানান, ভালোবাসার সম্পর্ক থেকেই তিনি বাংলাদেশে এসেছিলেন। তবে পরিস্থিতির কারণে বিয়ে সম্ভব হয়নি। তিনি প্রিয়জনের জন্য দেড় বছর অপেক্ষা করবেন বলেও জানান।

স্থানীয়রা জানান, এমন ঘটনা এলাকায় বিরল হওয়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। প্রশাসনের নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেয়ের বয়স কম হওয়ায় পরিবার বিয়েতে সম্মতি দেয়নি এবং পরে ওই যুবককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।