সারাদেশ

চুয়াডাঙ্গায় চার্জিং ইজিবাইকে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:২২ পিএম

চুয়াডাঙ্গায় চার্জিং ইজিবাইকে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানিশা ওই গ্রামের শাহিন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে পাশের বাড়িতে যায় তানিশা। সেখানে একটি চার্জে থাকা ইজিবাইকের ভেতরে খেলাধুলা করার সময় চার্জিং লাইনের বিদ্যুৎসংযোগে লিকেজ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।